রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভা শেষে তিনি নগরের মিয়াপাড়া এলাকায় মন্দিরটি পরিদর্শনে যান।

ধর্মসভায় গিয়ে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তিনি বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষই এ দেশের নাগরিক। বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

তাই ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিককে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ রাজশাহীতে একটি মডেল মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

প্রধানমন্ত্রীর পরিদর্শন ও মতবিনিময়কে কেন্দ্র করে ধর্মসভা মন্দির এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। মণ্ডপটি পরিদর্শন শেষে বিকেল ৫টা ৩৭ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। রাজশাহী থেকে তিনি চট্টগ্রামে যাবেন।

এর আগে সকালে তিনি রংপুর গিয়েছিলেন।