প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি তুলে ধরবেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাজশাহী সফর ঘিরে নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর এ সফর ঐতিহাসিক হয়ে থাকবে।
তিনি আরও বলেন, ২০২৬ সালের ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় পদ্মা ব্যারাজ নির্মাণ, কৃষিঋণ মওকুফ ও কৃষক কার্ড প্রদানসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। তাঁর দাবি, এসব প্রতিশ্রুতির অধিকাংশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পদ্মা ব্যারাজ নির্মাণে প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্পও একনেক সভায় অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি।
রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। এর ধারাবাহিকতায় রাজশাহীর উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তাঁরা আশা করছেন।
এর আগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শন করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এ সময় মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।