ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গতকাল শনিবার সকালে রাজধানীর মিরপুর ও সাভার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকরা। গাজীপুরের কালিয়াকৈরেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে।

এ সময় ব্যস্ত সড়কে যানজটের সৃষ্টি হয়; বাড়ে জনভোগান্তি।
এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আবারও বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রবিবার (আজ) মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।

গতকাল রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী।

ওই বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিক্ষোভের কারণে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মিরপুরে শ্রমিকরা বিভিন্ন সড়ক অবরোধ করেন। এতে ওই সব সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়ায় অন্তত ৩০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানায়, পোশাক শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। আশপাশের কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি বলেন, দুপুর আড়াইটার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে গার্মেন্টস শ্রমিকরা চলে যান।

এতে প্রায় চার ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টার দিকেও মিরপুর সাড়ে ১১ ও কালশী রোডে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ অব্যাহত রেখেছিলেন।
আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি ঘোষণা : আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের কারণে কাঠগড়া ও আশপাশের অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

পুলিশ জানায়, আশুলিয়া থেকে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে শ্রমিকদের উসকে দিতে নানা ধরনের গুজব ছড়ানো হয়।

গাজীপুরে অর্ধশতাধিক কারখানায় ছুটি : বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে শিল্প পুলিশের দাবি, ১৫ থেকে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হলেও দু-একটি ছাড়া বাকি সব ছোট ছোট কারখানা।