বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশের দাবি, হামলার আগে অভিনেতা আমির খান ও ইমরান হাশমির বাড়িতেও নজরদারি চালানোর চেষ্টা করেছিল অভিযুক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত ১৮ অক্টোবর টাইগারকে লক্ষ্য করে গুলি চালানোর আগে অন্য তারকাদের বাড়ির ঠিকানা খুঁজছিল হামলাকারীরা। তবে ঠিকানা শনাক্ত করতে না পেরে শেষ পর্যন্ত টাইগারকে নিশানা করে তারা।
পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারের ভিডিও দেখে তার নিয়মিত যাতায়াতের তথ্য সংগ্রহ করে অভিযুক্তরা। ইনস্টাগ্রাম ও ফেসবুকে প্রকাশিত ভিডিও থেকে তারা জানতে পারে, অভিনেতা প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্প নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান। এরপরই হামলার পরিকল্পনা করা হয়।
এ ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন রাধা বর্মা (২১), ববিতা রাও (২১), কুণাল জামিনসিং (২১) ও সুমিত সরোলিয়া (১৯)। পুলিশের দাবি, অভিযুক্তদের মধ্যে কুণালের সঙ্গে বিষ্ণোই গ্যাং-ঘনিষ্ঠ অনিল পণ্ডিতের যোগাযোগ ছিল।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, হামলার আগে অস্ত্র সরবরাহ এবং হামলার পর তা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল। অভিযুক্তদের আদালতে হাজির করার পর ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে গাড়িতে করে বের হওয়ার সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় দুই বন্দুকধারী। এ সময় অভিনেতার গাড়ির উইন্ডস্ক্রিন ও পাশের জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়।
পুলিশের দাবি, হামলার সময় টাইগারের চালক গুলিবিদ্ধ হন। পরিস্থিতি সামাল দিতে টাইগার নিজেই গাড়ির চালকের আসনে বসে আহত চালককে হাসপাতালে নিয়ে যান।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস