স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত ও ১৭৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল ৯টার কিছু পর রেনফে ও ইরিও পরিচালিত ট্রেন দুটির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার কারণ ও হতাহতের পূর্ণ সংখ্যা নির্ধারণে কাজ চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ট্রেনের বগিগুলো খাদে কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীদের পাঠানো হয়।

রেল পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, মধ্য স্পেনের মোরা ও অরগাস শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে মাদ্রিদ থেকে সেভিয়ার দিকে যাওয়া রেনফে ও ইরিওর দুটি দ্রুতগতির ট্রেন জড়িত ছিল।

তোলেদো শহরের কাছে উরদা পৌরসভার মেয়র ম্যানুয়েল গালান জানান, আহতদের রাখার জন্য একটি ক্রীড়া হল প্রস্তুত করতে জরুরি সেবাকর্মীরা তাঁকে অনুরোধ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আদিফ জানায়, ট্রেন দুটির পেছনের অংশে সংঘর্ষের পর মাদ্রিদ-আন্দালুসিয়া দ্রুতগতির রেলপথে চলাচল স্থগিত করা হয়েছে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট