জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে। তাদের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে।”
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, আওয়ামী লীগ ১৭ বছর শাসনের নামে বাংলাদেশকে শোষণ করেছে। এখন দেশের বাইরে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে।” তিনি আরও বলেন, বিরোধী দল ছোটখাটো বিষয় নিয়েও আন্দোলন শুরু করে। এ ধরনের আন্দোলনের সুযোগ নিয়ে আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।
বিএনপির সরকার পরিচালনার মেয়াদ প্রসঙ্গে দুলু বলেন, জনগণ তাঁদের পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। বিএনপি পাঁচ বছর দেশ পরিচালনা করবে এবং পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য, সরকার ভালো কাজ করলে জনগণ বিএনপিকে আবার ভোট দেবে, আর খারাপ করলে অন্য দলকে বেছে নেবে। তাই অযথা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে দেশ অস্থিতিশীল করার সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দুলু আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে পলাতক শেখ হাসিনা এবং তাঁর দলের নেতাকর্মীরা দুর্বলতা মনে করছেন। তাঁরা ‘আসবে, আসবে’ বলে মানুষের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। দুলু বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে কোনো বাড়াবাড়ি হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। সঞ্চালনা করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন এবং জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ অন্য নেতারা।