ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী ২৭ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। অর্থনৈতিক সহযোগিতা, আন্তর্জাতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক বিভিন্ন বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফর করবেন পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির বরাতে দেশটির সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বৈঠকে দুই নেতা অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ দুটি বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়িয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহে দুই দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে আলোচনা হতে পারে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরান সফর করেন। ওই সময় আরাগচি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে সহযোগিতা আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছে।
এদিকে, গত অক্টোবরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা কয়েক মাস ধরে স্থবির রয়েছে। ইরানের ওপর আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন পরিস্থিতিতে পুতিন ও পেজেশকিয়ানের আসন্ন বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, চলমান সংঘাত এবং কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে।